চট্টগ্রামে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এই তথ্য জানান।
এর আগে শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফয়সাল আহম্মেদ বলেন, বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশা থেকে নেমে পালানোর সময় পুলিশ সাইফুল ইসলামকে ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করলে কোমর থেকে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল জব্দ করা হয়। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন ইউএসএ’ খোদাই করা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অস্ত্রটি দিয়ে তিনি মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাইফুলের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ পাঁচটি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর হেয়ার গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।