logo

ব্রাহ্মণবাড়িয়ায় এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার এশিয়া বেকারিতে পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরির দায়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে এশিয়া বেকারির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকার এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে বেকারিটিতে পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। তারা বিভিন্ন স্থান থেকে নষ্ট ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করত। এরপর বিশেষ রাসায়নিক পদার্থ মিশিয়ে দুর্গন্ধ দূর করে তা দিয়ে বেকারি পণ্য প্রস্তুত করা হতো। অভিযান চলাকালে বেকারির মালিক নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে মুচলেকা দেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।