নৈতিক স্খলনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আলোকবালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ ও নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে যুবদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত এনামুল হাসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশে স্পষ্ট করে বলা হয়, বহিষ্কৃত ওই নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না।
বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ভারতীয় অবৈধ পণ্য বহনের অভিযোগে সিলেট নগরের কোতোয়ালী থানা-পুলিশ এনামুল হাসানকে আটক করে। পরদিন কর ফাঁকি ও অবৈধ পণ্য হেফাজতে রাখার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনার ৮ দিন পর দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হলো।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এনামুলকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কোনো কর্মসূচি বা ব্যক্তির অপকর্মের দায় সংগঠন কখনোই নেবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল; ব্যক্তির অপরাধের দায় কোনোভাবেই দল বহন করবে না।



