পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক
তলিয়ে যাওয়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবি: এশিয়া পোস্ট

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং পাহাড়ি ঢলের পানিতে সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকায় ‘১০০ মিটার’ নামকটি জায়গাটি প্লাবিত হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন না হলেও ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সীমান্তের জাদুকাটা ও রক্তি নদীর পানি গতকাল বুধবার (৮ জুলাই) থেকেই বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

রক্তি নদীর পানি শক্তিয়ারখলা পয়েন্টে ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর আজ সকালে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার নামক স্থানটি প্লাবিত হয়ে যায়।

তাহিরপুর আলিম মাদ্রাসার প্রভাষক বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের বাসিন্দা আশিকুর রহমান বলেন, সকালে মাদ্রাসার যাওয়ার পথে শক্তিয়ারখলা এলাকায় পৌঁছে দেখি পাকা সড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সড়কে প্রায় দেড় ফুটের ওপরে পানি, সবাই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, ভারী বৃষ্টি হওয়ায় জাদুকাটা ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলের পানি আসায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের একটি অংশ প্লাবিত হয়েছে। এই পানি বেশি সময় থাকবে না।

বিশ্বম্ভরপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান সড়ক প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যে অংশটুকু প্লাবিত হয়েছে, এই অংশটুকু বর্ষা মৌসুমে প্রতি বছরই কয়েকবার প্লাবিত হয়। পাহাড়ি ঢল কমলে সড়কের এই অংশটুকু আবার জেগে উঠবে এবং যান চলাচল স্বাভাবিত হয়ে যাবে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করতে যাব।