হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রোগীদের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ৬২ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮৯ জনে।

বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন ও শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ওমর ফারুক বলেন, গতকাল মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ৯ মাস বয়সের একটি ছেলে শিশুকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। ভর্তির আট ঘণ্টা পর আজ দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৭৮১ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৩০ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি পরামর্শ দেন, শিশুদের তীব্র জ্বর এবং শরীরে র‍্যাশ বা গুটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসা দরকার। কিন্তু হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশই একদম শেষ মুহূর্তে ভর্তি হচ্ছে, যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে।

বিষয় :ময়মনসিংহ