logo

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস প্রণোদনা দেওয়া হবে’

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস প্রণোদনা দেওয়া হবে’

হাওরাঞ্চলে বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তিন মাস প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কামরুজ্জামান কামরুল বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। তাদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সরেজমিনে হাওর পরিদর্শনে এসেছেন।

তিনি বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যেসব কৃষকের ফসল বাঁধ ভেঙে তলিয়ে গেছে, তাদের আগামী তিন মাস প্রণোদনা দেওয়া হবে।

হাওরের দীর্ঘদিনের সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, নদী ও হাওরের নাব্যতা কমে যাওয়াই মূল সংকট। এ সমস্যা সমাধানে নদী ও হাওর খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা কমাতে প্রতিটি হাওরে স্লুইসগেট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় তিনি হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।