কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

এপি নিউজ
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, মাইজহাটি পল্লী বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে গুদামে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা ও দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানান তিনি। এই ঘটনায় হতাহতের কোন ঘটেনি।