এশিয়া পোস্ট দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতা উপহার দেবে: নায়াব ইউসুফ

দেশজুড়ে একযোগে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এর অংশ হিসেবে ফরিদপুরেও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম।
প্রধান অতিথি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, এশিয়া পোস্ট দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতা উপহার দেবে এবং সফলতার সঙ্গে এগিয়ে যাবে।
সোমবার (১১ মে) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এশিয়া পোস্টের ফরিদপুর জেলা প্রতিনিধি তাওহিদুল ইসলামের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুন আনসারী এবং ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট পাঠকদের আস্থা অর্জন করবে।
পরে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।