logo

গরমে ‘পুড়তে’ থাকা চুয়াডাঙ্গায় স্বস্তির খবর

গরমে ‘পুড়তে’ থাকা চুয়াডাঙ্গায় স্বস্তির খবর

টানা তাপপ্রবাহ বইছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। তিন দিন পর জেলাবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কোনো সময়। রোববার (৫ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার আকাশে দেখা গেছে মেঘের আনাগোনা।

এদির সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা শনিবার ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত তিন দিন ধরে ৩৮ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছিল।

ঢাকা আবহাওয়া অধিপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেয়াজ কবীর জানান, চুয়াডাঙ্গায় গত তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত ছিল। এ সময় জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কর হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পর দিন শুক্রবার (৩ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত বুধবার থেকে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বৃদ্ধি পায়। গত তিন দিনে সকাল থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। রোবরার সকালে জেলার আকাশে মেঘ জমেছে। দিনের যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।