logo

পাবনায় শিয়ালের হামলায় নারী-শিশুসহ আহত ১১

পাবনায় শিয়ালের হামলায় নারী-শিশুসহ আহত ১১
শিয়ালের হামলায় আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এশিয়া পোস্ট

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে শিয়ালটিকে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে উপজেলার শালঘর মহল্লা ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪) আহত হন। পরে শিয়ালটি গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় গিয়ে সাব্বিরের মেয়ে সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুরকে (২২) কামড় দেয়।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লায় মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলের ওপর শিয়ালটি প্রথমে হামলা চালায়। এরপর সেটি লোকালয়ের বিভিন্ন বাড়িতে ঢুকে একে একে কয়েকজনকে কামড় দেয়।

এদিকে শিয়ালের আক্রমণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বিকেল ৫টার দিকে শতাধিক মানুষ শিয়ালটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে পাশের একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।