ইয়াবা সেবনের আসরে অভিযান, স্বেচ্ছাসেবক-ছাত্রদলের দুই নেতাসহ চারজন কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইয়াবা সেবনের আসরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ১১ টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল এবং পাথরঘাটার মো. জসিম উদ্দিন ও মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ইউএনও আতাউর রাব্বী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সোচ্চার এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়ের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
