গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রজিবা বেগমের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত গৃহবধূর স্বামী সুজা মিয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদ এসআই আনসোফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।