logo

প্রতিমন্ত্রীকে প্রটোকল দিতে গিয়ে পুলিশের গাড়ি পড়ল খাদে

প্রতিমন্ত্রীকে প্রটোকল দিতে গিয়ে পুলিশের গাড়ি পড়ল খাদে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকিকে প্রটোকল দেওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স থেকে একটি টিম বাঞ্ছারামপুরে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে খাদে পড়ে যায়।

এতে গাড়িতে থাকা সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর রাজারবাগে পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি প্রতিমন্ত্রীর প্রটোকলে থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারেননি।