logo

ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
নাগরপুর থানা। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলের নাগরপুরে ডিভোর্স (তালাক) দেওয়ায় স্ত্রী নিলুফা আক্তার মিলুকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজের গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন হযরত আলী। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শাশুড়ি।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হযরত আলী একই উপজেলার দহর পাচুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন বলেন, প্রায় ৬ বছর আগে হযরত আলীর সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এক সপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেন নিলুফা। এ খবর পেয়ে বুধবার রাতে ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে নিলুফাকে হত্যা করেন হযরত আলী। এ সময় মেয়ের চিৎকারে মা চেনবানু বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

স্ত্রীকে হত্যার পর হযরত আলী নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজের পেট ও গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় হযরত আলী ও তার শাশুড়ি চেনবানুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হযরত আলী বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।