logo

ইতালি যাওয়ার পথে নিখোঁজ, ৪৩ লাখ টাকা দিয়েও অভির খোঁজ মেলেনি

ইতালি যাওয়ার পথে নিখোঁজ, ৪৩ লাখ টাকা দিয়েও অভির খোঁজ মেলেনি

মাদারীপুরে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন আলভী খান (২৫) নামের এক যুবক। এ ঘটনায় আলভীর বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার সন্ধান ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

নিখোঁজ আলভী খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাতুল হাওলাদার (২৮) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, ইতালিতে সরাসরি বিমানে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্রের সদস্য রাতুল হাওলাদার আলভীর পরিবারের কাছ থেকে ২১ লাখ টাকায় চুক্তি করে। পরে ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করা হয়। এর চার দিন পর ১৯ অক্টোবর আলভীকে আকাশপথে সৌদি আরবে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে লিবিয়ায় নিয়ে আটকে রাখা হয়।

পরিবার জানায়, লিবিয়ায় নেওয়ার পর আলভীর ওপর নির্যাতন চালিয়ে অডিও বার্তার মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে গত ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা প্রদান করে। এরপর আরও টাকা দাবি করা হলে দিতে অস্বীকৃতি জানায় তারা। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল থেকে আলভীর সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পাচারকারী চক্র।

এ ঘটনায় আলভীর বাবা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রাতুল হাওলাদারসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। নিখোঁজ ছেলের সন্ধান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

নিখোঁজ আলভির মা সুইটি বেগম জানান, আমার স্বামী ভ্যান চালাই খায়। এইসব টাকা ঋণ করে দিতে হয়েছে। সুদের টাকার জন্য ঘরে থাকতে পারি না। এদিকে দালাল আমার ছেলেকে নির্যাতন করে কি করেছে আমরা বলতে পারতেছি না। আমি আমার ছেলের মুখটা দেখতে চাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আলভী নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।