চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা ছাহেরা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতে হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।



