logo

রাজবাড়ীতে দুই কলেজে কেউ পাস করেনি

রাজবাড়ীতে দুই কলেজে কেউ পাস করেনি
কাচারীপাড়া স্কুল অ্যান্ড কলেজ। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি পাংশা ও গোয়ালন্দ উপজেলায় অবস্থিত। উভয় প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত। অন্যদিকে, জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাত্র একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনটি পরীক্ষায় রাজবাড়ী জেলার মোট ৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৫১৯ জন। জেলায় পাসের হার ৪১ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো পাংশা উপজেলার কাচারীপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং গোয়ালন্দ উপজেলার ফকির আব্দুল জব্বার কলেজ। কাচারীপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন এবং ফকির আব্দুল জব্বার কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নেয়। তবে দুই প্রতিষ্ঠানের সাতজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

অন্যদিকে, রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। ফলে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীর সবাই পাস করায় প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। প্রতিষ্ঠানটিও নন-এমপিওভুক্ত।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৭১ জন। বালিয়াকান্দিতে ১ হাজার ২০৪ জনের মধ্যে ৪৯৬ জন, পাংশায় ১ হাজার ৮২৩ জনের মধ্যে ৭৭৭ জন, গোয়ালন্দে ৬৬২ জনের মধ্যে ২১৪ জন এবং কালুখালীতে ৩৯৬ জনের মধ্যে ১১০ জন উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া আলিম পরীক্ষায় জেলার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯২ জন। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৮৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১৯ জন।

রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হবে এবং অভিভাবকদেরও সন্তানদের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানপ্রধানদের শ্রেণি কার্যক্রম তদারকির পাশাপাশি মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে জেলার পরীক্ষার ফলাফলের আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট