প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে ইটের টুকরো, পুলিশের তদন্তে যা মিলল

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে ইটের টুকরো, পুলিশের তদন্তে যা মিলল
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা মেলেনি। ছবি : সংগৃহীত

বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

এসপি হাবিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে ইটের টুকরোটি দেখা গেছে, সেটি কোনো ব্যক্তি নিক্ষেপ করেননি, বরং সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল।

এর আগে, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। এ সময় তিনি বাসের ভেতর থেকে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তা বহরের তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ‘ইট নিক্ষেপ’ বা ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করতে থাকেন।

তবে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে এটি কোনো হামলার বা ইট নিক্ষেপের ঘটনা নয়। সড়কে পড়ে থাকা একটি ভাঙা ইটের টুকরো সামনের দ্রুতগামী গাড়ির চাকার চাপে ছিটকে এসে নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে পড়েছিল মাত্র।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত নিশ্ছিদ্র। সফরপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকেও বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।’