নারীসহ ফ্ল্যাটে আলোচিত সাবেক ওসি, ফোন করে পুলিশ ডাকলেন ‘ষষ্ঠ স্ত্রী’

রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতর অবস্থান করছিলেন আলোচিত সাবেক ওসি মাহবুব আলম ও এক নারী। খবর পেয়ে ওই কর্মকর্তার ‘ষষ্ঠ স্ত্রী’ ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর দীর্ঘসময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ আসেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন তিনি। পুলিশ আসলেও খোলা হয়নি দরজা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ফ্ল্যাট থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড়সংলগ্ন একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
থানায় নেওয়া পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছিল। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরবর্তী সময়ে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেখান থেকে কোনো ছুটি বা অনুমতি না নিয়েই তিনি রাজশাহীতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলমের একজন পালিত মেয়ে রয়েছেন। ওই মেয়ে ও তার স্বামী রাজশাহী মহানগরীর নাদের হাজীর মোড়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারী অবস্থান করছিলেন। শুক্রবার সকালে সেখানে গিয়ে দরজায় ডাকাডাকি করেন আন্নি আক্তার নামে আরেক নারী। তিনি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী হিসেবে পরিচয় দেন। তার বাড়ি নওগাঁ এবং তিনি একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর।
আন্নি আক্তারের দাবি, চলতি বছরের শুরুতে মাহবুব আলমের সঙ্গে তার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন, মাহবুব আলম ওই ফ্ল্যাটে সানজিদা মৌয়ের সঙ্গে অবস্থান করছেন। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ফ্ল্যাটে গিয়ে দরজায় ডাকাডাকি করেন। প্রায় দুই ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কেউ দরজা না খোলায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ফ্ল্যাট থেকে মাহবুব আলম ও সানজিদা মৌকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
আন্নি আক্তারের অভিযোগ, মাহবুব আলম যে জেলায় কর্মরত থাকেন সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আন্নির দাবি, এর আগে নগরীর পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটেও মাহবুব আলমের সঙ্গে সানজিদা মৌকে দুই দিন অবস্থান করতে দেখেছিলেন তিনি।
অন্যদিকে ফ্ল্যাটে থাকা সানজিদা মৌ মাহবুব আলমকে নিজের স্বামী বলে দাবি করলেও সাংবাদিকদের সামনে বিয়ের কাবিননামা বা অন্য কোনো নথি উপস্থাপন করতে পারেননি।
মাহবুব আলম সাংবাদিকদের বলেন, আন্নি আক্তারকে তিনি চার দিন আগে তালাক দিয়েছেন এবং সানজিদা তার বর্তমান স্ত্রী। আন্নিকে তালাক দেওয়ার কাগজ তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন বলেও দাবি করেন। তবে আন্নি আক্তার জানান, তিনি কোনো তালাকের কাগজ পাননি।
শুক্রবার দুপুরে মাহবুব আলম ও সানজিদা মৌকে চন্দ্রিমা থানার পৃথক দুটি কক্ষে রাখা হয়। চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসবেন, এরপর সিদ্ধান্ত হবে।

