মোবাইলে কথা না বলায় স্কুলের সামনে ছুরি হাতে কিশোরী, আহত স্কুলছাত্র

ফরিদপুরের ভাঙ্গায় সম্পর্কের টানাপোড়েনের জেরে এক স্কুলছাত্রকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আশিক (১৬) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের বাসিন্দা। অপরদিকে, অভিযুক্ত কিশোরী ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক কিশোরী হাতে ছুরি নিয়ে এক কিশোরের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে সে ছুরি দিয়ে ওই কিশোরকে আঘাতের চেষ্টা করে। তখন কিশোরটি তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। পরে আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে ওই কিশোরকে দেখতে পেয়ে কিশোরীটি তার কাছে যায়। কিছুক্ষণ কথা বলার পর একপর্যায়ে বোরকার ভেতর থেকে ছুরি বের করে তাকে আঘাত করে। এতে কিশোরটি সামান্য আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
অভিযুক্ত কিশোরী বলে, তাদের দুই বছর ধরে সম্পর্ক রয়েছে। তবে গত কয়েকদিন ধরে ছেলেটি আমাকে এড়িয়ে চলছে। মোবাইলে কথা বলার চেষ্টা করেও সাড়া না পাওয়ায় মঙ্গলবার সরাসরি দেখা করতে যাই। সেখানে ক্ষোভের বশে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে বলে জানায় সে।
এ ঘটনায় আহত স্কুলছাত্রের মা আশা আক্তার ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।