logo

কুমিল্লায় অবরোধের ঘটনায় গ্রেপ্তার ৯, অভিযানে আটক ১৯৭

কুমিল্লায় অবরোধের ঘটনায় গ্রেপ্তার ৯, অভিযানে আটক ১৯৭
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

Advertisement

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৫৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ যে কোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট