পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। পূর্বঘোষণা অনুযায়ী তারা হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ধাক্কা দিতে দেখা গেছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে। তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি যদি পারেন আমাদের সিকিউরিটি দেবেন। আর যদি না পারেন তাহলে আমরা দায়িত্ব নিয়ে চলে যাব। কোন আইনে আপনি আমাদের বাধা দিচ্ছেন?
এ সময় পুলিশ সদস্য নিরাপত্তার কথা জানান। জবাবে হাসনাত বলেন, নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদের না ধরে আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে ১৪৪ ধারা দিয়ে শ্রীমঙ্গলে রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল (বেআইনি) কাজ করছেন।
এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, আপনারা এই সীমানা পার হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
পরে পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডা শেষে বিকেল ৫টার দিকে তারা রওনা হন। হবিগঞ্জে পৌঁছে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
.png)






