নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা, আহত ২

নারায়ণগঞ্জ বন্দরে স্টিল মিলের লোহা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল ও অভিযুক্ত সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
নিতহের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া অভিযুক্ত সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। লোহা বিক্রির বকেয়া বাবদ প্রায় ১০ লাখ টাকা সাদ্দামের কাছে পাওনা ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। টাকা পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে রাসেল ও মাকসুদা বেগমকে কুপিয়ে জখম করা হয়। এ সময় রাসেলের কোপে সাদ্দামও আহত হন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল ও সাদ্দামের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলছে বলে জানান ওসি জামাল উদ্দিন।
