চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে ‘রিডিং ক্লাব’

প্রাথমিক স্তরের শিশুদের বাংলা রিডিং পড়ার দক্ষতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে ‘রিডিং ক্লাব’ গঠন করা বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (২২ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এক নির্দেশনায় জেলার সব বিদ্যালয়ে এই ক্লাব চালুর আদেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি কোনো সাময়িক উদ্যোগ নয়, বরং একে স্কুলের প্রতিদিনের পড়াশোনার একটি স্থায়ী অংশ করে তুলতে হবে।
এই ক্লাবের মূল ভাবনা হলো ‘শিশুদের মাধ্যমে শিশুদের শেখানো’। অর্থাৎ, শিক্ষার্থীরা এখানে খেলার ছলে একে অপরের কাছ থেকে আনন্দের সাথে শিখবে। স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির যেকোনো শিক্ষার্থী এই ক্লাবের সদস্য হতে পারবে। তবে শুরুতে যারা বাংলা রিডিং পড়তে একটু দুর্বল বা পিছিয়ে আছে, তাদের দিকেই বেশি নজর দেওয়া হবে। ক্লাবটি দেখভালের দায়িত্বে থাকবেন বাংলা বিষয়ে দক্ষ ও দায়িত্বশীল একজন শিক্ষক। আর শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে ‘ক্যাপ্টেন’ বানানো হবে, যার কাজ হবে সবাইকে ঠিক সময়ে ক্লাবে নিয়ে আসা।
রিডিং ক্লাবে এসে শিক্ষার্থীরা মূলত বাংলা বানান, কার-চিহ্ন ও যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করা শিখবে। সেই সাথে শুদ্ধ উচ্চারণে রিডিং পড়া, ছড়া ও কবিতা মুখস্থ করা এবং পাঠ্যবইয়ের গল্প পড়ে তা নিজের ভাষায় বানিয়ে বলার চর্চা করবে। পাশাপাশি হাতের লেখা সুন্দর করার জন্য নিয়মিত অনুশীলনও করা হবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এখানে মেন্টর হিসেবে থাকবেন। তিনি শিশুদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলতে উৎসাহ দেবেন এবং ক্যাপ্টেনকে বুঝিয়ে দেবেন কীভাবে অন্য বন্ধুদের সাহায্য করতে হবে।
এই উদ্যোগ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জেলার সব শিক্ষক-শিক্ষিকা যদি প্রতিটি স্কুলে এই রিডিং ক্লাব চালু রাখেন, তবে আমাদের সন্তানেরা যেকোনো জায়গায় ও যেকোনো সময়ে বাংলা বই অনায়াসে এবং সাবলীলভাবে পড়তে পারবে। এর ফলে শিশুদের মনের বাংলা ভাষার ভয় কেটে যাবে এবং পড়াশোনায় তাদের আগ্রহ আরও বাড়বে।






