logo
Advertisement

সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: আখতার হোসেন

সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

গণভোটের ধারণাকে অস্বীকার করার মধ্য দিয়ে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের মানুষ মানবাধিকার হরণের চূড়ান্ত ও নৃশংস রূপ দেখেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের আবালবৃদ্ধবনিতা রাজপথে নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায়। সেই বাংলাদেশে আর মানবাধিকার হরণ হবে না, গুম-খুন ও জুলুম থাকবে না, এমন একটি বিষয়ে সবাই একমত হয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয়, বিএনপি ক্ষমতায় এসে মানবাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলো যেভাবে প্রণয়ন করছে, তাতে সেগুলো দুর্বল হয়ে পড়ছে। এসব আইন দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা করা সম্ভব নয়।

এনসিপির সদস্যসচিব বলেন, বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ও জাতিসংঘের তদন্ত দাবি করেছিল। কিন্তু এখন আইন প্রণয়নের সময় জাতীয় পর্যায়েও কার্যকর তদন্তের ব্যবস্থা রাখা হচ্ছে না।

তিনি আরও বলেন, র‌্যাবের জায়গায় এসআরবি বসিয়ে দিয়ে বাহিনীগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে কীভাবে নাগরিকের অধিকার হরণ করা যায়, সরকার তার ব্যবস্থা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন আইনসহ দুর্বল আইনগুলো বাদ দিয়ে কার্যকর ও শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা চিহ্নিত করতে হবে। একই সঙ্গে কোথায় কীভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা ওঁৎ পেতে আছে, তা খুঁজে বের করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।