logo

কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯

কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯
পুলিশের গাড়ি ভাংচুর। মঙ্গলবার সকালে কুমিল্লায়। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে মহাসড়কে দায়িত্ব পালনের সময় উল্টো পথে চলাচলের দায়ে একটি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ। এ নিয়ে অটোরিকশা চালক ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়।

অটোরিকশা চালকের চিৎকারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম আহত হন। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তারা।

এসপি আনিসুজ্জামান জানান, সিসি ক্যামেরার ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযানে চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল মালিক, ওসি ডিবি শামসুল আলম শাহ প্রমুখ।