logo
Advertisement

অটোরিকশায় মিলল ৬০ হাজার ইয়াবা, আটক ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বান্দরবান, চট্টগ্রাম
অটোরিকশায় মিলল ৬০ হাজার ইয়াবা, আটক ২
ইয়াবাসহ আটক জসিম উদ্দিন। ছবি : পুলিশ সূত্রে পাওয়া

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার জসিম উদ্দিন (৪২) ও মোশাররফ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬ কার্ডে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার পরিমাণ আনুমানিক ৬০ হাজার পিস। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আটক দুই ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অটোরিকশা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।