মোংলায় জামায়াতের ২৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাগেরহাটের মোংলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের ২৫ নেতাকর্মী বিএনপির জনসভায় উপস্থিত হয়ে বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নবাগত নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং রাজনীতির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে যোগ দিয়ে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন বলে আশা করি।
সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।