logo

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে জেলায় মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে জেলা হাসপাতালে নিয়ে আসার পরপরই শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুর নাম মাসুদা খাতুন। সে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈয়মুর রহমানের মেয়ে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শিশুটি তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকাল ৯টার দিকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত শিশু ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমালী খাতুন জানিয়েছেন, সকাল ৯টার দিকে শিশুটি তীব্র জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনে পরিবার। শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর থাকায় তাকে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ওয়ার্ডে পৌঁছানোর সময়কালেই তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। তবে সংক্রমণের এই পরিস্থিতির মাঝেও কিছুটা আশার কথা শুনিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান। তিনি জানান, দুই দিন ধরে নতুন রোগী ভর্তির সংখ্যা কমছে এবং সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।