যশোরে ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যশোরের কেশবপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ‘ইত্যাদি স্টোর’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশুখাদ্য ও পানীয় মজুত ও বিক্রি করা হচ্ছিল। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা ও বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন শিশুখাদ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার বলেন, অনুমোদনহীন ও মানহীন খাদ্য জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এ ধরনের অপভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
