গভীর রাতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

পাবনা শহরে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে আওয়ামী লীগপন্থি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শহরের শাপলা প্লাস্টিক মোড় এলাকা থেকে পাবনা জেলা যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়।
জানা গেছে, গোপালগঞ্জে গণহত্যার বিচারের দাবি, আইসিটি ট্রাইব্যুনাল বাতিল ও শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সৌজন্যে লেখা থাকলেও মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ আওয়ামী লীগপন্থি বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের স্থায়িত্ব অল্প সময়ের হলেও গভীর রাতে এমন আকস্মিক কর্মসূচির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এশিয়া পোস্টকে বলেন, গভীর রাতে ঝটিকা মিছিলের বিষয়টি আমরা জেনেছি। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।




