পাবনায় বসতবাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বন্দুক-গুলি জব্দ

পাবনা সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৩৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরীডাঙ্গি গ্রামে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। একই দিন উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন -চরতারাপুর ইউনিয়নের ভাদুরী ডাঙ্গি গ্রামের শাহের মোল্লার ছেলে তমসের মোল্লা এবং ছাতিয়ানী মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বাপ্পি (২৬)।
তাদের মধ্যে একজনের বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অন্যজনের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পাবনার পুলিশ সুপার আবু আশরাফের দিকনির্দেশনায় পাবনা সদর থানা এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়।
অভিযানে পাবনা সদর থানার পুলিশ, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহার সমন্বয়ে পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে চরতারাপুর ইউনিয়নের ভাদুরীডাঙ্গি গ্রামের আকাশ মোল্লা ও তমসের মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তমসের মোল্লার দেখানো মতে আকাশ মোল্লার শয়নকক্ষ এবং তমসের মোল্লার ঘর থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তমসের মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযানের আগেই মূল অভিযুক্ত আকাশ মোল্লা দরজায় তালা ঝুলিয়ে সটকে পড়েন বলে জানা গেছে।
অন্যদিকে, একই দিন পাবনা সদর উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য হেফাজতে রাখার অভিযোগে বাপ্পি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় সাহা বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এসব অভিযান অব্যাহত থাকবে।
