বর্ষবরণ অনুষ্ঠানে এমপির সঙ্গে বিএনপি নেতাদের হাতাহাতি

বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ ও তার সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংসদ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ওই বিক্ষোভ মিছিলেও বিএনপির নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। এতে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ ঘটনায় তার ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এর আগে গত রমজানেও তার ইফতার আয়োজনে বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করলে আবারও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজন সমর্থককে আহত করা হয় বলে অভিযোগ।
সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ দাবি করেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তার সমর্থকদের বাধা দেওয়া হয়। তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার অভিযোগ, প্রতিপক্ষের ইশারায় তার সমর্থকদের মারধর করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সংসদ সদস্যের সঙ্গে তার দেখা হয়। এ সময় সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটলেও তিনি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তার দাবি, বড় ধরনের কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করে অনুষ্ঠান শুরু করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠান উদ্বোধন শেষে অন্যত্র চলে যান।
ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন মুহাম্মদুল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।