logo

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে বাড়ছে শীতের অনুভূতি। ছবি: এশিয়া পোস্ট

উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কমতে থাকে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি কমেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনে গরম আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সকাল পর্যন্ত হিমালয়ের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে ভোরে কখনও হালকা কুয়াশা থাকলেও অধিকাংশ দিন জেলার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে।

গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের বাসিন্দা আরিফুর রহমান বলেন, শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে জেলার প্রকৃতি। রাতে ও সকালে শীত বেশি অনুভূত হচ্ছে। এ দুই সময়ে গরম কাপড় পরে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১৫ ডিগ্রিতে নেমেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। রোববার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।