খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ বিক্রির ঘোষণা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে এখন প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। কারও হাতে মোবাইল ফোন, কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির ষাঁড় ‘কালো মানিক’।
একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছিল এই আলোচিত ষাঁড়টি। তবে খামারি পরিবারের ভবিষ্যৎ ও আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে সেটি আবার ফিরিয়ে দেন তিনি। সেই ঘটনার পর থেকেই ব্যাপক আলোচনায় আসে ‘কালো মানিক’।
সাত বছরের ভালোবাসা, যত্ন আর শ্রমে বড় হয়ে ওঠা এই ষাঁড় এখন পটুয়াখালীর অন্যতম আকর্ষণ। এবার সেটি বিক্রির ঘোষণা দিয়েছেন খামারি সোহাগ মৃধা। ১২ ফুট লম্বা, প্রায় ৬ ফুট উঁচু এবং প্রায় ৪৫ মণ ওজনের বিশালাকৃতির কালো মানিকের দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা। ক্রেতাকে বিশেষ উপহার হিসেবে একটি ছাগল দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
খামারি সোহাগ মৃধা জানান, ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন তিনি। পরে সেই গাভির জন্ম দেওয়া একটি বাছুরকে সন্তানের মতো লালন-পালন করতে থাকেন। সময়ের সঙ্গে সেই বাছুরই আজকের আলোচিত কালো মানিকে পরিণত হয়েছে।

তিনি বলেন, গত বছরের কোরবানির ঈদে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কালো মানিককে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বেগম খালেদা জিয়া উপহার হিসেবে গরুটি গ্রহণ করলেও পরে সেটি ফেরত দিয়ে খামারির পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুটি বিক্রি করার পরামর্শ দেন।
তবে আবেগের কারণে গত বছর কালো মানিককে বিক্রি করতে পারেননি সোহাগ মৃধা। এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। বাড়ি থেকেই ২২ লাখ টাকায় বিক্রি করতে চান আলোচিত এই ষাঁড়টি।


