এনসিপি নেতা জুবাইরুল/‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি, সেই দৃশ্য দেখেননি’

প্রশাসন ও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, ‘যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, সেই পুলিশকেই আমরা পিটিয়ে রক্তাক্ত করেছি—এ দৃশ্য আপনারা দেখেননি?’
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে তিনি এ কথা বলেন।
জুবাইরুল আলম মানিক বলেন, আমরা ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চাই—জুলাইয়ের ঘটনা আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে। যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, অথচ সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি—এ দৃশ্য কি আপনারা দেখেননি?
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বর্তমানেও প্রশাসনের মধ্যে চরম দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারি সহায়তা কর্মসূচি নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, টিসিবি ও ওএমএসের মতো সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন না হয়ে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হচ্ছে। এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রদান এবং বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের জনপ্রতিনিধিদের সুপারিশ আনতে বলা হচ্ছে। তার দাবি, এমপির কথা ছাড়া একটি ফাইলও নড়ে না, যা অত্যন্ত বৈষম্যমূলক।
সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



