logo

ঈদগাহ মাঠে ‘গোপন’ বৈঠকের সময় ছাত্রলীগ নেতা আটক

ঈদগাহ মাঠে ‘গোপন’ বৈঠকের সময় ছাত্রলীগ নেতা আটক
পলাশবাড়ী থানা।

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘গোপন’ বৈঠক চলাকালে শেখ শহীদ হাসান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সোমবার (১২ অক্টোবর) রাতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শাহীন ছাত্রলীগের পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী জাতীয় ঈদগাহ মাঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা ‘গোপন’ বৈঠকে মিলিত হয়েছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। পরে ঘটনাস্থল থেকেই শহীদ হাসানকে আটক করা সম্ভব হলেও দৌড়ে পালিয়ে যান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ও ছোট সাজ্জাদ। পরে উত্তেজিত জনতা আটক শহীদ হাসানকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, স্থানীয় জনগণ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শহীদকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।