logo
Advertisement

বগুড়ায় প্রতিবেশীর বাসায় মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
বগুড়ায় প্রতিবেশীর বাসায় মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ
মানচিত্রে বগুড়া। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয় বছর বয়সি এক শিশুকন্যা নিখোঁজের পর বস্তাবন্দি অবস্থায় মরদেহ পাওয়া গেছে প্রতিবেশীর বাসায়।

Advertisement

শুক্রবার (১২ জুন) দুপুরে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিকা আক্তার নামে শিশুটির বাসা সান্তাহার পৌরসভার সাহেবপাড়া এলাকায়। সে সান্তাহার ইয়ার্ড কলোনি নূরানি মাদ্রাসার শিশুশ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য শিশুটি বাসা থেকে বের হয়। রাত পর্যন্ত মেয়ে বাসায় ফিরে না আসায় পুলিশের দ্বারস্থ হন বাবা রায়হান আলী।

পুলিশ জানায়, শিশুটির বাবা রাত ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। সেখানে তার কাছে খবর আসে মেয়ের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়ির একটি কক্ষে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

সেখান থেকে আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা ও বাবু নামে তিনজনকে আটক করে মারধর করেন স্থানীয়রা। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। স্থানীয়দের মারধরে আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা আহত হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে ঘরের পাশে রাখা হয়েছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।

তিনি আরও বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় :