logo

হাতকড়া পরিয়ে দুই সাংবাদিককে থানায় নেওয়ার ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড

হাতকড়া পরিয়ে দুই সাংবাদিককে থানায় নেওয়ার ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড

কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণ কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত কর্মকর্তা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।

সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর জানান, ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতির সৃষ্টি হলেও পরে স্থানীয় সাংবাদিকদের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম অভিযোগ করেন, তার খালাতো বোনের নামজারিসংক্রান্ত একটি বিষয়ে দীর্ঘদিন ধরে ঘোরানো হচ্ছিল। বুধবার ওই শুনানির দিন থাকায় তিনি সহকর্মী রাসেল সরকারকে নিয়ে চান্দিনা ভূমি অফিসে যান। 

তিনি বলেন, ‘দুপুরের দিকে আমরা জানতে চাই শুনানি হবে কি না। এ সময় এসিল্যান্ড আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমি মোবাইল ফোনে সেই আচরণ ধারণ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে পুলিশ ডেকে এনে আমাদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।’ এ সময় তিনি দাবি করেন, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে গ্যালারির ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বলেন, ‘ঘটনার সময় আমি একটি শুনানিতে ব্যস্ত ছিলাম। তারা অনুমতি ছাড়া কক্ষে প্রবেশ করে এবং ভিডিও ধারণ শুরু করেন। এতে আমি বিব্রত হয়ে পুলিশকে জানাই। তাদের আচরণ উচ্ছৃঙ্খল হওয়ায় পুলিশ হাতকড়া পরায়। পরে জানতে পারি তারা সাংবাদিক, তখনই হাতকড়া খুলে দিতে বলি।’

এ ঘটনার নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। তিনি বলেন, ‘সংবাদকর্মীর হাতে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো ক্ষমতার অপব্যবহার। কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যম বা প্রেসক্লাবের মাধ্যমে সমাধান করা যেত। এ ধরনের ঘটনা জেলা প্রশাসনকে বিতর্কিত করে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ দায়িত্ব পালন করেছে। এতে আমাদের কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’