logo

আগুন লাগা টঙ্গীর সেই ওষুধ কারখানায় বন্ধ ঘোষণা

আগুন লাগা টঙ্গীর সেই ওষুধ কারখানায় বন্ধ ঘোষণা
আগুন লাগা ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা (ইনসেটে কারখানা বন্ধের নোটিশ)। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার ডাম্পিং কাজ শেষ হয়েছে। পরে ওই কারখানাটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ড্রাগ ইন্টারন্যাশনালের ইনচার্জ মোহাম্মন আবু সাঈদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি কারখানার গেটে টাঙিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ওই কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কেমিক্যাল ও বিল্ডিং এ ব্যবহার করা অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে।

পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবির সমন্বিত চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয় যে, আগুন নিয়ন্ত্রণ আসলে ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগবে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় বুধবার রাতেই ডাম্পিং কাজ শেষ হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমরা গতকাল রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছি। সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই।