ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

ফরিদপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে শ্বাসরোধে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে ঘটনাটি গোপন করতে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই রাসেদ শেখ ফরিদপুর কতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসমত শেখ, সাগর মোল্লা ও আশিক শেখকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. আজিজুর রহমান বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সমাজে বিচার প্রতিষ্ঠার বার্তা পৌঁছাবে এবং অপরাধ প্রবণতা কমবে।
.png)






