শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার খিলগাঁও গ্রামের একটি ধানখেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও গ্রামের ধানখেতে কাজ করার সময় দেবেন্দ্র ও সজল নামের দুই ব্যক্তি হঠাৎ নিজেদের পায়ের ওপর দিয়ে কিছু একটা চলে যাওয়ার অনুভূতি পান। নিচে তাকিয়ে তারা একটি অজগর সাপ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-কে জানানো হয়। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা অজগর সাপটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সুবিধাজনক সময়ে সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে বা নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করবে।


