সড়কবাতি, বর্জ্য ও ড্রেনেজ সমস্যা জানানো যাবে ‘আমার কুমিল্লা’ অ্যাপে

সড়কবাতি, ময়লা-আবর্জনা ও ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা এখন থেকে ঘরে বসেই কুমিল্লা সিটি করপোরেশনকে জানাতে পারবেন নগরবাসী। এ লক্ষ্যে ‘আমার কুমিল্লা’ নামে একটি নাগরিক সেবা অ্যাপ চালু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমন্ত্রিত অতিথিরা এটি উদ্বোধন করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে নাগরিক সেবা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি সহজে ডাউনলোড করা যাবে। অ্যাপের সাহায্যে নগরবাসী রাস্তাঘাট, সড়কবাতি, ময়লা-আবর্জনা ও ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও সেবাসংক্রান্ত অভিযোগ সরাসরি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন।
অভিযোগ বা সমস্যার বিবরণ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর ফলে নাগরিকদের সিটি কর্পোরেশন কার্যালয়ে সশরীরে যাওয়ার ভোগান্তি কমবে এবং সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর সমস্যাগুলো দ্রুততম সময়ে জেনে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেই এই অ্যাপ চালু করা হয়েছে। নাগরিক অভিযোগ জানানোর পর কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে। ‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী ও সিটি কর্পোরেশনের মধ্যে যোগাযোগের দূরত্ব অনেকটাই কমে আসবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা।
