তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইলের একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। এতে পাম্পের ম্যানেজার নাহিদ সরদার ঘটনাস্থলেই নিহত হন, আর গুরুতর আহত পাম্পের কর্মী জিহাদ মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেলসেতু এলাকায় তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক পার্শবর্তী পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদ লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত মোল্যা তাদের হত্যার হুমকিও দেন।
রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জাহিদ মোটরসাইকেলে পাম্প যাওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।
এ সময় স্থানীয়রা নাহিদ ও জাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।