logo

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

‎বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস-সংলগ্ন সড়কে দুর্ঘটনার ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে তারা এ অবরোধ শুরু করেন। যা শেষ হয় বিকেল ৫টার দিকে।

এর আগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে ববি শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আলোচনা করে সমাধান হওয়ার কথা থাকলেও সমাধান না পেয়ে চার দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভাগটির শিক্ষার্থীরা। 

‎তাদের চার দফা দাবি হলো—দ্রুত পুলিশ ফাঁড়িতে পুলিশ মোতায়েন করতে হবে, ঘাতক চালককে গ্রেপ্তার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে, আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে।

‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করছে। তারা এখনও কোনো সমাধান দিতে পারেনি

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা হচ্ছে।