এইচএসসি পরীক্ষার্থীরা/আমরা পানিতে, মন্ত্রী কেন এসিতে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা থেকে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা 'শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তুমি কে, আমি কে ফার্মের মুরগি, ফার্মের মুরগি, আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী নিশান বলেন, তাদের একটি দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারা লক্ষ্য করেছে শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা সংস্কারের নামে মন্ত্রণালয়ের বসে আছে। যখন সারাদেশ পানির নিচে শিক্ষার্থীরা সেই পানির নিচে পরীক্ষা দিয়ে যাচ্ছে, আর শিক্ষামন্ত্রী এসি রুমে বসে অহমিকাপূর্ণ কথা বলছেন। তিনি যা সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো শিক্ষাবান্ধব নয়।
মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা বলেন, এই বৈরি আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা নিতে হবে। শিক্ষামন্ত্রী বলেছিলেন আবহাওয়া দেখে পরীক্ষা পেছানো হতে পারে। তার কথা এখন কোথায়। শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে।
প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




