যশোরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইমন হোসেন নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকার শফি নামে এক ব্যক্তির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ইমন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় ইমনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত করে দেখা হচ্ছে।



