কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের ওই শাখা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা।

অভিযোগ রয়েছে, শুধু গ্রাহকদের অর্থই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন ওই ক্যাশিয়ার।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, রিয়াদুল ইসলাম ইউসুফ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা দেখাতেন না।

জমার এসএমএস না পৌঁছালে তিনি সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। পরে অর্থ আত্মসাতের বিষয়টি এজেন্ট ও গ্রাহকদের নজরে এলে তিনি গা-ঢাকা দেন।

ভুক্তভোগী লামিয়া বলেন, আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। আমার সব টাকা নিয়ে পালিয়েছে।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।