logo

ফেনীতে পিকআপ ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপণ দাবি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফেনীতে পিকআপ ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপণ দাবি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অপহরণচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

ফেনী থেকে খাগড়াছড়ির পিকআপ ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। পরে ​জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ড্রাইভারকে উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টায় তাদের আটক করা হয়েছে। একই দিন বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত অনুমান দেড়টায় খাগড়াছড়ির দীঘিনালা থানার জামতমলী সুরেশ হেডম্যান পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. বেল্লাল (৩৪) খাগড়াছড়ি দীঘিনালা হতে জাম্বুরা ফল লোড করে ফেনীর ফল মার্কেটের উদ্দেশ্যে রওনা করে মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছে। এ সময় আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীচক্রের সদস্যরা তাকে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ সময় গাড়ির হেলপার শাহ্ আলমকে মারধর করে তারা। পরে মোবাইল ফোনে হেলপারকে বলে ড্রাইভারকে ছাড়াতে হলে তাদেরকে এক লাখ টাকা দিতে হবে। হেলপার কোনো উপায়ান্তর না দেখে ৯৯৯-এ কল করলে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে হেলপারকে নিয়ে অভিযানে নামে ফেনী মডেল থানা পুলিশ।

পরে ফেনী জেলা কারাগার-২ এর বিপরীত পার্শ্বের রাজাঝির দীঘির পাড় থেকে রাত ৩টার সময় অপহরণকারী ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আহত অবস্থায় পিকআপচালককে ও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা প্রিয় নাথ (৩০), বেগমগঞ্জের বাসিন্দা মো. আলা উদ্দিন (৩০), পাঁচগাছিয়ার বাসিন্দা মো. সোহেল (৩২) এবং ফেনী পৌর এলাকার বাসিন্দা মো. রনি (২৬)।

পরবর্তীতে পিকআপচালককে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে এজাহার দায়ের করলে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আটককৃত আসামিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাশ এশিয়া পোস্টকে জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নামি। পরে রাজাঝির দিঘির পাড় থেকে পিকআপচালককে উদ্ধার করি। এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।