শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও নাঈম নামের দুই যুবক নিহত হয়েছেন।

Advertisement

রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় একই এলাকার শহিদ আলীর ছেলে সাব্বির (২৫) গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে আসার পথে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এরমধ্যে সৌরভ ও নাঈম ঘটনাস্থলেই মারা যান। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি হবিগঞ্জ সদরে।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মোটরসাইকেলটিও থানা হেফাজতে রয়েছে।